২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকিট কালোবাজারি বন্ধে বিশেষ ব্যবস্থা: মন্ত্রী

ঢাকা স্টেশেনের চারদিকে এক কিলোমিটার এলাকাজুড়ে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে টিকিট কালোবাজারি বন্ধে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 09:16 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

শুক্রবার রেলভবনে ঈদ উপলক্ষে রেলওয়ের বিশেষ ব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

ঢাকা স্টেশন ছাড়াও বড় বড় স্টেশনগুলোতেও টিকিট কালোবাজারি বন্ধে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

আন্তঃনগর ট্রেনের ডে-অফ প্রত্যাহার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ঈদের পাঁচদিন আগ থেকে আন্তঃনগর ট্রেনেগুলোর কোন ডে-অফ থাকবে না এবং সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।

ঈদ উপলক্ষে ১৩৫টি কোচ সরবারহ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্রেন ও স্পেশাল ট্রেনে এসব কোচ সংযোজন করা হবে।

পাহাড়তলী এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে এসব বগি মেরামত করে ব্যবহারের জন্য সরবরাহ করা হবে।

আগামী ৪ অগাস্ট থেকে ৮ অগাস্টের জন্য বিশেষ ব্যবস্থায় টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
এর মধ্যে ২৭ জুলাই ৫ অগাস্টের টিকিট, ২৮ জুলাই ৬ অগাস্টের, ২৯ জুলাই ৭ অগাস্টের এবং ৩০ জুলাই ৮ অগাস্টের টিকিট বিক্রি হবে।

ফেরত যাত্রার অগ্রীম টিকিট পাওয়া যাবে ২ থেকে ৬ অগাস্ট পর্যন্ত।

ঈদ উপলক্ষে কিছু রুটে এবং ঈদের দিনও কয়েকটি স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে বলেও জানান মন্ত্রী।

রেল সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, ঢাকা স্টেশনে  প্রতিদিন ৫৮ হাজার টিকেট বিক্রি হয় এবং এর আসন সংখ্যা ৪৬ হাজার ৬৫০টি।
রেল মহাপরিচালক আবু তাহের জানান, প্রথম দিনে টিকিট কালাবাজারির কোনো ঘটনা পাওয়া যায়নি। কালোবাজারি বন্ধে ঢাকা স্টেশনের বুকিং সহকারীদের মোবাইল হ্যান্ডসেট বন্ধ করে ডিউটিতে দেয়া হয়েছে।