পদ্মায় নৌকা ডুবির ঘটনায় তদন্ত কমিটি
উপবৃত্তির টাকা তুরতে গিয়ে পদ্মায় নৌকা ডুবিতে পাবনা সদর উপজেলার ভাদুরিডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ ছাত্রীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) এ এফ এম আলাউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বেনজামিন রিয়াজীকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন, সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর সার্কেল) শামসুজ্জোহা খান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একরামুল হক।
তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।
বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপবৃত্তি প্রকল্পের যুগ্মসচিব মশিউর রহমানের নেতৃত্বে ২ সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনের পর যুগ্মসচিব মশিউর রহমান সাংবাদিকদের জানান, উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠানোর জন্য সংশ্লিষ্ট বিভাগে সুপারিশ করবেন তিনি।
পাশাপাশি উপবৃত্তি টাকা প্রদানে বেশ কিছু অনিয়মের তথ্যও তিনি জানতে পেরেছেন বলেও জানান।
এদিকে নিহত ছাত্রীদের পরিবারকে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান পাবনা সদরের ইউএনও সালমা খাতুন।
সোমবার উপবৃত্তির টাকা উত্তোলনের জন্য ভাদুরিডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ ছাত্রী নৌকাযোগে কোলচরি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল।
নৌকাটি বেলা ১২টার দিকে বাতাসের তোড়ে পড়ে পদ্মা নদীতে ডুবে যায়। এ সময় নৌকার মাঝিসহ ১০ ছাত্র-ছাত্রী সাঁতরে ডাঙ্গায় উঠতে পারলেও ৫ জন নিখোঁজ হয়।
গত ৩ দিনে ৪ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হলেও এখনও রহমান মল্লিকের মেয়ে রহিমা খাতুন (১০) নিখোঁজ রয়েছেন।
এ অবস্থায়ই বুধবার রাতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় বলে জানান অগ্নির্বিাপক বাহিনীর পাবনার স্টেশন কর্মকর্তা শফিউল ইসলাম।
