রায় বাস্তবায়ন না দেখে বিচারকের হতাশা
শিশু গৃহকর্মীদের নিয়ে একটি রায় বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন আপিল বিভাগের এক বিচারপতি, যিনি হাই কোর্টে থাকতে ওই রায় দিয়েছিলেন।
সেইভ দ্য চিলড্রেনের উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত একটি জাতীয় সেমিনারে মূল প্রবন্ধে বিচারপতি মো. ইমান আলী এই হতাশা প্রকাশ করেন।
‘শ্রমজীবী শিশুদের অধিকার’ শিরোনামের ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
অনুষ্ঠানে বলা হয়, শিশুশ্রম নিরসনে সাম্প্রতিক বছরগুলোতে নানা আইন ও নীতি প্রণয়ন করা হলেও এসব আইন ও নীতির পূর্ণ বাস্তবায়ন এখনো সুদূর পরাহত। অন্যদিকে গৃহকর্মে নিয়োজিত শিশুদের অবস্থা অত্যন্ত নাজুক হওয়া সত্ত্বেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতি এখনো গৃহিত হয়নি।
হাই কোর্টের কয়েকটি রায়ের নির্দেশনা উল্লেখ করে মূল প্রবন্ধে বিচারপতি ইমান আলী বলেন, “এসব রায় সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংস্থার নিকট পৌছানো হয়েছে। কিন্তু এতে কোনো কাজ হয়নি।
“সাম্প্রতিক সময়ে সাভারের রানা প্লাজায় দুর্ঘটনার পর শ্রম আইন সংশোধন করা হয়েছে। তথাপিও আমি কেবল হতাশাই প্রকাশ করতে পারি যে, গৃহকর্মীদেরকে শ্রমিকের সংজ্ঞায় যুক্ত করতে আমাদের নির্দেশনার প্রতি কোনো দৃষ্টি দেয়া হয়নি।”
২০১১ সালের ফেব্রুয়ারিতে হাই কোর্টের তৎকালীন বিচারপতি মো. ইমান আলী ও শেখ হাসান আরিফের বেঞ্চ এক রায়ে গৃহকর্মীদেরকে শ্রমিকের সংজ্ঞায় যুক্ত করতে আদেশ দিয়েছিলেন।
বর্তমানে আপিল বিভাগের বিচারপতি ইমান আলীর এই প্রবন্ধে ওই রায়ের নির্দেশনাগুলোও স্থান পেয়েছে।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নীর দায়ের করা এক রিটে ২০১০ সালের ৪ মে হাই কোর্ট রুল দিয়েছিল। ওই রুলের চূড়ান্ত শুনানি করে এই রায় দেয়া হয়।
ফাহিমা নাসরীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্টের রায়টি সেভাবেই আছে। এটি বাস্তবায়িতও হয়নি, সরকার এর বিরুদ্ধে আপিলও করেনি।
“কেন যে করেনি, আমি সেটা জানি না। এই রায়টা বাস্তবায়ন হলে এদেশের অধিকার বঞ্চিত শিশুদের বড় একটি অংশ তাদের অধিকার ফিরে পেত।”
