২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশের উপর জামায়াত-শিবিরের হামলা

রাজশাহীর রানীবাজার এলাকায় ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় তারা পুলিশের গাড়ি ভাংচুর এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 05:41 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

দালাল আইনে সাজাপ্রাপ্ত জামায়াতের শীর্ষ নেতাদের ভোটার তালিকা থেকে বাদ দেয়ার প্রক্রিয়ার প্রতিবাদে দুপুর ২টার দিকে রানীবাজার এলাকায় এ ঝটিকা মিছিল বের করে।

মিছিল থেকে হামলায় পুলিশ ও পথচারীসহ অন্তত সাতজন আহত হয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, জামায়াত-শিবিরকর্মীরা মিছিল বের করলে দুইটি পিকআপ নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা পুলিশের উপর হামলা চালায়।

জামায়াত-শিবিরের আক্রমণে পুলিশ পিছু হটলে তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে দুটি হাতবোমা ও ইট নিক্ষেপ করে ভাংচুর চালায়।

হামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও এক কনস্টেবলসহ সাতজন আহত হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুঁড়লে জামায়াত-শিবিরকর্মীরা পালিয়ে যায়।

পালানোর সময় তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আরো একটি গাড়ি ভাংচুর করে বলে জানান তিনি।