খাদ্য পরীক্ষার ‘নামে’ ‘হয়রানি’ বন্ধের দাবি
খাদ্য পরীক্ষার নামে বিভিন্ন সংস্থার ‘হয়রানি’ বন্ধের দাবি নিয়ে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করেছেন সুপার মার্কেট মালিকরা। সেই সঙ্গে অতিরিক্ত চার শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করে সমিতির নেতারা এই দাবি জানান।
খাদ্যের মান নিয়ন্ত্রণ এবং খাবারে ভেজাল ও রাসায়নিক পদার্থের মিশ্রণ পরীক্ষার জন্য একটি একক প্রতিষ্ঠান করারও দাবি জানিয়েছে সুপার মার্কেট মালিক সমিতি।
সমিতির নেতারা বলেন, একটি একক আইন ও প্রতিষ্ঠান না থাকায় বর্তমানে বিএসটিআই, সিটি কর্পোরেশন, ভোক্তা অধিকার অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় খাদ্যের ভেজাল পরীক্ষার জন্য সুপার মার্কেটে পরিদর্শন করে। এসব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে এবং পরীক্ষার মানেও তারতম্য হয়। ফলে সুপারমার্কেট মালিকদের হয়রানির শিকার হতে হচ্ছে।
সুপার মার্কেটের মালিকরা খাদ্যে ফরমালিনের উপস্থিতি পরীক্ষার জন্য বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠানের সরঞ্জাম ব্যবহার করছেন জানিয়ে তারা বলেন, পরিদর্শনে আসা সংস্থাগুলো এ কিটের পরীক্ষাকে মানেন না।
সুপার মার্কেটের জন্য অতিরিক্ত চার শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, এতে করে ভোক্তারা অন্য দোকান থেকে পণ্য কেনেন।
মন্ত্রী তাদের বলেন, সরকার নিরাপদ খাদ্য আইন করছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষেই আইনটি পাস করা হবে।
সুপার মার্কেটের মালিকরা নিরাপদ খাদ্য আইন প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানান এবং আইনের যথাযথ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
যথাযথ মান অনুসরণ করে একটি সুনির্দিষ্ট ল্যাবরেটরিতে খাদ্যের ভেজাল ও রাসায়নিক পদার্থের উপস্থিতি পরীক্ষা করা হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, এতে করে বাদী ও বিবাদী উভয়ই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। ফলে কেউই হয়রানির শিকার হবেন না।
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক নাসের ফরিদ এবং সুপার মার্কেট সমিতির সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
