২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাকুঞ্জে ইফতারে প্রধানমন্ত্রী

সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 07:26 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

বুধবারের এই ইফতার অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আমন্ত্রিত হলেও তিনি যাননি।

প্রধানমন্ত্রীর সম্মানে দেয়া সশস্ত্র বাহিনীর এই ইফতার অনুষ্ঠানে স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে পৌঁছলে তাকে স্বাগত জানান তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দীক, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। তার সঙ্গে ছেলে সজীব ওয়াজেদ জয়ও ছিলেন।

ইফতারের আগে বাংলাদেশের শান্তি এবং সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও অগ্রযাত্রা কামনা কররে বিশেষ মোনাজাত হয়।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদও অনুষ্ঠানে যোগ দেন।

ইফতারে মন্ত্রীদের মধ্যে ছিলেন আবুল মাল আবদুল মুহিত, মতিয়া চৌধুরী, এ কে খন্দকার, সৈয়দ আশরাফুল ইসলাম, দীপু মনি, রাজিউদ্দিন আহমেদ রাজু, সাহারা খাতুন, দিলীপ বড়ুয়া, হাছান মাহমুদ, শামসুল হক টুকু।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী অনুষ্ঠানে ছিলেন।

যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও ঢাকা সেনানিবাসের এই ইফতার অনুষ্ঠানে যোগ দেন।