২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস ধর্মঘট

বাস আটকের ঘটনাকে কেন্দ্র করে বরিশালের অভ্যন্তরীন রুটে ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 05:45 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে অনির্দিষ্টকালের এ  ধর্মঘট শুরু হয়েছে বলে নিশ্চিত করেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, “বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানা পুলিশের হয়রানির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।”

বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অভিযোগ করেন, অনেক সময় বিনা কারণে বাসচালক ও শ্রমিকদের আটক করে নিয়ে যায় বিমান বন্দর থানা পুলিশ। জোরপূর্বক তাদের কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, “বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি এলাকায় উজিরপুরের ধামুরাগামী একটি বাসের সঙ্গে মালবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা ট্রাকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটে বলে জানায়।”

তবুও পুলিশ বাসটি আটক করে নিয়ে যায়। এর প্রতিবাদেই আকস্মিক এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে জানান তিনি।।

ধর্মঘটে বরিশাল থেকে স্বরূপকাঠী, ধামুরা, পয়সারহাট, মুলাদী, বানারীপাড়া, বাবুগঞ্জ, মাদারীপুর ও ভুরঘাটা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।