রনির নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল
সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির গ্রেপ্তারের খবরে তার নির্বাচনী এলাকা পটুয়াখালীর গলাচিপা ও দশমিনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগের একাংশ।
বুধবার বিকালে সাংবাদিক পেটানোর মামলায় ঢাকার বাড্ডা এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।
এর পরপরই গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিপু ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান লিখনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
স্থানীয় সাংবাদিক রিয়াদ হোসাইন জানান, বিকাল সাড়ে ৪টার দিকে পৌর মঞ্চ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তরা রনির গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেন।
দশমিনা উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরাও রনির গ্রেপ্তারের সংবাদে মিষ্টি বিতরণ করে বলে জানান স্থানীয় সাংবাদিক নিপুন চন্দ্র দাশ।
বেলা দেড়টার দিকে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুস আলীর আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান রনিকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহের জন্য শনিবার পল্টনে রনির কার্যালয়ে গিয়ে মারধরের শিকার হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুল। ভিডিওচিত্রে দেখা যায়, সংসদ সদস্য রনি নিজেই প্রতিবেদক ও ক্যামেরাপার্সনের উপর চড়াও হয়ে লাথি মারছেন।
ঘটনার পর ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ রনিকে আসামি করে একটি মামলা করে। এরপর রনি পাল্টা মামলা করেন, যাতে দুই সংবাদিকসহ ইনডিপেনডেন্ট টেলিভিশনের অন্যতম মালিক ব্যবসায়ী সালমান এফ রহমানকেও আসামি করা হয়।
ইনডিপেনডেন্টের করা মামলায় রনি রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
এরপর মামলার বাদি ইউনুস আলী তাকে টেলিফোনে হুমকি দেয়ার অভিযোগ এনে রনির বিরুদ্ধে থানায় একটি জিডি করেন এবং জামিন বাতিল চেয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন।
২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম মাওলা রনি।
তবে অল্প দিনের ভেতরেই তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ ওঠার খবর আসে গণমাধ্যমে। আয়কর বিবরণীতে সম্পদের তথ্যে গড়মিল পেয়ে দুর্নীতি দমন কমিশনও তার বিরুদ্ধে তদন্ত শুরু করে।
এর আগেও সাংবাদিকদের নিগৃহীত করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর এই সংসদ সদস্যের বিরুদ্ধে।
মঙ্গলবার রনি পদত্যাগের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের বললেও পরে স্পিকারের সঙ্গে দেখা করে বলেন, দল চাইলে তবেই তিনি পদত্যাগ করবেন।
