২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল-মার্ক মামলায় ব্যাংকের ডিএমডি আতিক গ্রেপ্তার

হল-মার্ক কেলেঙ্কারির মামলায় সোনালী ব্যাংকের আরেক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 10:03 PM

Updated : 26 Jul 2022, 03:03 PM

মঙ্গলবার গ্রেপ্তার আতিকুর রহমান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংক খাতে বড় কেলেঙ্কারির এই ঘটনায় দুদকের মামলায় আসামি করার পর তাকে ওএসডি করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদকের নির্দেশনায় দুপুরে শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে অনিয়মের মাধ্যমে হল-মার্ক গ্রুপের আড়াই হাজার কোটি টাকা ঋণ নেয়ার খবর গত বছর প্রকাশ হলে তা নিয়ে ব্যাপক শোরগোল ওঠে।

এরপর গত বছরের ৪ অক্টোবর হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদসহ ২৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ১১টি মামলা করে।

আতিক ছাড়াও সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক ও ডিজিএম (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমানসহ ব্যাংকের ১৫ কর্মকর্তাকে এসব মামলায় আসামি করা হয়, যার মধ্যে অন্তত চারজন আগে গ্রেপ্তার হয়েছেন। 

মামলার পর গত ৪ সেপ্টেম্বর আতিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

ঋণ কেলেঙ্কারির এই ঘটনায় মোট ২০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও ওএসডি করা হয়েছে।