২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সংঘর্ষে ওয়ার্ড আ. লীগের সম্মেলন পণ্ড

চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষের জেরে একটি ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলন ভণ্ডুল হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 01:43 AM

Updated : 23 Aug 2022, 11:14 AM

সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ইউনিয়নের সম্মেলনে যুবলীগ-ছাত্রলীগের দুইপক্ষের কর্মীরা সংঘর্ষে জড়ায় বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন নেতা জানিয়েছেন।

সম্মেলনস্থলে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী।

তার অনুসারীদের সঙ্গে নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের সমর্থকদের বিরোধ সংঘর্ষে রূপ নেয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানিয়েছেন।

নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন বলেন, একে খান মোড়ের মেহসিল কমিউনিটি সেন্টারে ওই সম্মেলন শুরু হয়। পদ নির্ধারণের আগে নেতাদের বক্তব্যের এক পর্যায়ে হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।

এক পর্যায়ে সম্মেলন স্থলের বাইরের সড়কেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

উদ্ভূত পরিস্থিতিতে সম্মেলন স্থগিত করা হয়েছে বলে জানান সুজন।

পাহাড়তলী থানার ওসি আব্দুর রউফ বলেন, আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তারা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়।