কায়সারের স্বাস্থ্যের প্রতিবেদন চেয়েছে ট্রাইব্যুনাল
সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ আহমেদ কায়সারের স্বাস্থ্য বিষয়ক সর্বসাম্প্রতিক প্রতিবেদন আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দাখিলের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সোমবার এ আদেশ দেয়।
এদিন সৈয়দ কায়সারের জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবী আব্দুস সোবহান তরফদার।
আবেদনে তিনি বলেন, ৭৩ বছর বয়সী সৈয়দ কায়সার বার্ধক্যজনিত অসুস্থতায় আক্রান্ত এবং তার চলাফেরায় সাহায্যের জন্য দুজন লোক লাগে।
আইনজীবী শর্তযুক্ত জামিনের জন্যও আবেদনও করেন।
জামিনের বিরোধিতা করে প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, সৈয়দ কায়সার খুব বেশি বয়স্ক নন এবং তার বার্ধক্যজনিত সমস্যাগুলোও জামিন দেয়ার জন্য যথেষ্ট নয়।
তিনি আরো বলেন, ট্রাইব্যুনাল এর আগে কারা কর্তৃপক্ষকে সৈয়দ কায়সারের চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এরপর সৈয়দ কায়সারের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, এমন কোনো তথ্য কারা কর্তৃপক্ষ জানায়নি।
গত ২২ মে কায়সারের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
এর আগে ১৫ মে কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আদালতের নির্দেশের পর ওই দিন রাতে গ্রেপ্তার করা হয় মুসলিম লীগের সাবেক এই নেতাকে। এরপর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর ২১ মে বিকাল পৌনে ৪টায় কায়সারকে হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।
কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে নিজের নামে ‘কায়সার বাহিনী’ গঠন করে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ বৃহত্তর কুমিল্লায় হত্যা, গণহত্যা, মুক্তিযোদ্ধা হত্যা, ধর্ষণ, হামলা, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে।
হবিগঞ্জের বাসিন্দা কায়সার তিন যুগ আগে জিয়াউর রহমানের আমলে বিএনপিতে যোগ দেন। এইচ এম এরশাদের সময়ে তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতার জন্য হবিগঞ্জে কায়সার বাহিনী গড়ে তুলেছিলেন এই ব্যক্তি।
কায়সারকে গ্রেপ্তারের আবেদনে প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, সাবেক এই প্রতিমন্ত্রী ও তার পরিবার সাক্ষীদের নানাভাবে ভয়ভীতি দেখানোয় তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে।
