মোবারকের আইনজীবী দেরি করায় জেরা বন্ধ
একাত্তরের যুদ্ধাপরাধে অভিযুক্ত বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের আইনজীবী ট্রাইব্যুনালে দেরি করে আসায় এবং তার ‘অসন্তোষজনক’ আচরণের কারণে সাক্ষীর জেরা বন্ধ করে দিয়েছে ট্রাইব্যুনাল।
মোবারকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৮ জুলাই দিন রাখা হয়েছে।
বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এই আদেশ দেয়।
এ মামলায় প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষী আব্দুল মালেককে জেরার জন্য দিন ধার্য ছিল এদিন। সে অনুযায়ী বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে ট্রাইব্যুনালের বিচারকরা সকাল ১০টা ৪৫ মিনিটে এজলাসে আসেন।
এ সময় আদালত কক্ষে আসামি মোবারক হোসেনের ছেলে দাঁড়িয়ে বলেন, “স্যার, আমি ফোন দিয়েছিলাম। উনি জানিয়েছেন, গাড়ি মৎস্য ভবনের মোড়ে যানজটে আছে।”
বিচারপতি জাহাঙ্গীর হোসেন এ সময় আসামিপক্ষকে উদ্দেশ্য করে বলেন, “কেউ রাস্তায় থাকবে, কেউ বাসায় থাকবে, এটাই নিয়ম। কিন্তু কোর্টের তো কিছু নিয়ম আছে, না? এখানে সময় মতো আসতে হয়। আমরাও প্র্যাকটিস করেই এখানে এসেছি। ইতোমধ্যে ২৫ মিনিট পার হয়ে গেছে।”
বিচারক আরো বলেন, “এ রকম অনেক সময় আমরা দিয়েছি। এভাবে আর সময় দেয়া হবে না।”
এর পরপরই চেয়ারম্যান আদেশ দিতে শুরু করলে আহসানুল হক হেনা ট্রাইব্যুনালের এজলাসে উপস্থিত হন। তিনি জেরার জন্য মধ্যাহ্ন বিরতি পর্যন্ত সময় চাইলে চেয়ারম্যান নাকচ করে দেন।
বিচারপতি ফজলে কবীর আদেশে বলেন, “আজ মোবারক হোসেনের মামলায় প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষী মো. আব্দুল মালেককে আসামিপক্ষের বিজ্ঞ আইনজীবীর জেরার দিন ধার্য ছিল। কিন্তু এ পক্ষের আইনজীবী যথাসময়ে উপস্থিত না থাকায় এবং দেরির সন্তোষজনক কারণ না জানানোয় সাক্ষীর জেরা বন্ধ করে দেয়া হলো।”
গত ১৬ জুলাই মোবারকের মামলায় মালেকের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে রোববার জেরার দিন ধার্য করে ট্রাইব্যুনাল। ওইদিন পুনরায় জেরার জন্য সোমবার দিন রাখা হয়।
