২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগোচ্ছে ঈদ, বাড়ছে যানজট

ঈদ সামনে রেখে রাজধানীর বিপণীবিতানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে থাকায় বাড়ছে যানজট। এর সঙ্গে ফুটপাতের ব্যবসায়ীদের অবৈধ দখলে যোগ হয়েছে বাড়তি বিড়ম্বনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 04:41 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

সোমবার সকাল থেকেই শাহবাগ, ফার্মগেট, মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, বনানী, বাড্ডা, মগবাজার ও মৌচাকসহ রাজধানীর বেশির ভাগ এলাকায় দীর্ঘক্ষণ রাস্তায় আটকা পড়ে নগরবাসীরা। অফিস ছুটির পর ইফতারের আগেও নিয়মিত এ ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখো মানুষকে।

আর ভিআইপিদের কোনো স্থানে যাওয়া-আসার সময় রাজধানীর সড়কগুলোতে যানজট প্রকট আকার ধারণ করে। কখনো কখনো আধা ঘণ্টাও সড়কে নিশ্চল দাঁড়িয়ে থাকে সব গাড়ি।

সোমবার সকাল ১০টার দিকেও পল্টন থেকে ফার্মগেইট হয়ে মহাখালী পর্যন্ত সড়কে হাজারো যানবাহন ঠাই দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

শাহবাগ থানার এসআই সুরুজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “প্রধানমন্ত্রী সচিবালয় যাওয়ার কারণে নিরাপত্তার জন্য রমনা এলাকা ও সচিবালয়ের সামনের রাস্তায় প্রতিবন্ধকতা দিয়ে যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে। এ সময় ওই এলাকায় গাড়িজট তৈরি হয়।”

প্রধানমন্ত্রী সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যোগ দিতে সচিবালয় যান।

এ সময় জটের মধ্যে পড়ে ভোগান্তির শিকার হতে হয় বহু মানুষকে। সদরঘাট থেকে ৭ নম্বর বাসে গাবতলীর উদ্দেশে রওয়ানা হওয়া শফিউল ইসলামকে দীর্ঘসময় শিক্ষাভবনের সামনে আটকা পড়ে থাকতে হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতোমধ্যে দুই ঘণ্টা পার হয়েছে। গাবতলী যেতে কতো সময় লাগবে আল্লাহই জানেন।”

সকাল থেকেই তীব্র যানজট দেখা যায় হোটেল রূপসী বাংলার সামনেও।

সেখানে কর্মরত ট্রাফিক পরিদর্শক আব্দুর রহমান বলেন, “সকালে ভিআইপিরা যাতায়াত করেন। তাদের জন্য রাস্তা বন্ধ রাখাতে হয় বলে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। আশা করছি, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।”

অনেক কাঠখড় পুড়িয়ে মিরপুর থেকে কর্মস্থল পল্টনে পৌঁছান ব্যাংক কর্মকর্তা তুহিন আহমেদ। তিনি বলেন, “অনেক কষ্ট করে এবং অনেক সময় নিয়ে অফিসে আসলাম। জানি না এভাবে কতদিন পারবো।”

পুরান ঢাকায় যানজটের কারণ হিসেবে রিকশা ও ঠেলা গাড়িকে দায়ী করেন নবাবপুর সিদ্দিক বাজারে কর্মরত ট্রাফিক সার্জেন্ট মো. ফোরকান হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনে ঈদ, তাই দোকানে কেনা-বেচা বেশি হচ্ছে। মালামাল আনা-নেয়া ও মানুষ কেনাকাটা করতে যাচ্ছে বলে রাস্তায় রিকশা ও ঠেলা গাড়ির সংখ্যা বেড়ে গেছে। যানজটও তাই বেড়েছে।”