২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকলায় বাজারে গ্রামবাসীর হামলা

পূর্ব বিরোধের জেরে শেরপুরের নকলা উপজেলায় একটি বাজারে হামলা চালিয়েছে স্থানীয় গ্রামবাসী।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 11:08 AM

Updated : 25 Apr 2022, 07:01 PM

রোববার রাতে বিহারীর পাড় বাজারে এ হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দেশি অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।  

নকলা থানার ওসি এ কে এম ফছিহুর রহমান জানান, জমি নিয়ে এলাকায় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

রোববার সন্ধ্যায় বাজারে ইফতারের দোকান বসা নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে চান্দেরনগর এবং মেদীরপাড় গ্রামের লোকজন বিহারীর পাড় বাজারের দোকানপাটে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে নকলা থানা পুলিশসহ শেরপুরের অতিরিক্ত পুলিশ গিয়ে রাত ১টা পর্যন্ত ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া শেরপুরের ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপক্ষের লোকজন রাম দা, ফালা, লাঠি, ছোরা, কিরিচসহ বিভিন্ন অস্ত্র হামলায় ব্যবহার করে।

আহতদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।