ইন্টারনেটে নজরদারি: ৭ প্রতিষ্ঠানকে প্রস্তাব দেবে বিটিআরসি
ইন্টারনেটে নজরদারি (ফিল্টারিং) প্রযুক্তি বসাতে সাতটি প্রতিষ্ঠানকে বাছাই করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
ওই সাত প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি বাংলাদেশের এবং একটি হংকংয়ের।
১৮ জুলাই বিটিআরসি পরিচালক (স্পেকট্রাম ম্যানেজমেন্ট) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে যোগ্য প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ করা হয়।
এ প্রতিষ্ঠানগুলোর কাছে ক্রয় প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে আরএফপি (বিস্তারিত প্রস্তাব আহ্বান) পাঠাবে বিটিআরসি।
যোগ্য বিবেচিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বেইজ টেকনোলজিস, পার্কি গ্লোবাল লিমিটেড, ইজি কমিউনিকেশন লিমিটেড, প্যানাসিয়া সিস্টেম লিমিটেড, ইনফ্রা বিল্ডার্স, আইটি কনসালটেন্ট লিমিটেড এবং হংকংয়ের সেমটিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড।
এ প্রক্রিয়ার অংশ হিসাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ৮ এপ্রিল আন্তজার্তিক প্রতিষ্ঠানগুলোর কাছে ‘ইন্টারনেট সেফটি সলিউশন’ চেয়ে ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়। আগ্রহপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ২০ মে।
এতে নয়টি প্রতিষ্ঠানের সাড়া মিললেও সাতটিকে বাছাই করা হয়েছে।
বর্তমানে বাংলাদেশে ৩৬টি আইআইজি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান ব্যন্ডউইডথ নিয়ন্ত্রণ ও পাইকারি ব্যান্ডউইডথ আইএসপিগুলোকে বিক্রি করে। আইএসপিগুলো গ্রাহক পযায়ে সেবা দেয়।
