২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের প্রস্তুতি নিন: শেখ হাসিনা

আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 07:49 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

শনিবার বিকালে সরকার প্রধানের সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি বলেন, “আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। একই সাথে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে।”

বৈঠকের শুরুতেই বর্তমান সরকারের সময়ে জাতীয় সংসদের উপ-নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যায়ে হয়ে যাওয়া পাঁচ হাজার ৬৪৪টি নির্বাচনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সাহস দেখিয়েছে। অন্য কেউ তা পারেনি।”

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতার পরিবর্তন করতে হবে।”

২০০১ সাল ছাড়া সব সময়েই ‘অসাংবিধানিক ভাবে’ ক্ষমতা পরিবর্তন হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আমরা চাই এই ধারাটি শুরু হোক। আমরা চাই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। নাহলে আর্থ-সামাজিক অগ্রগতি হবে না।”

যুদ্ধাপরাধীদের বিচারের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “জামায়াতের সঙ্গে জোট বাঁধে, জামাতের রাজনীতি বিএনপির হাতে শুরু বলে- তাদের রক্ষায় বিএনপি ধ্বংসাত্মক কাজ শুরু করে দিয়েছে। কিন্তু নব চেতনার সৃষ্টি হয়েছে। আমরাদের তরুণ সমাজ শেকড়ের সন্ধানে এগিয়ে এসেছে।”

তিনি বলেন, “বিচার হচ্ছে। রায়ও কার্যকর হবে।”

বৈঠকে আমির হোসেন আমু, হোসেন তৌফিক ইমাম, আলাউদ্দিন আহমেদ, এম জমির, হোসেন মনসুর, কাজী আকরাম উদ্দিন, এম এ জলিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত রয়েছেন।