মিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ‘সন্ত্রাসী’ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১১টার দিকে মিরপুর রূপনগর থানার বেড়িবাধ এলাকা থেকে গুলিবিদ্ধ মাহাদীকে (৩৫) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ওসি আহাম্মদ সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে আটক মাহাদীকে নিয়ে ওই এলাকায় তার অপর সহযোগীদের ধরতে অভিযানে গেলে সন্ত্রাসীরা পু্লিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে।
পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়, মাহদীও পালানোর চেষ্টা করে। পরে তাকে সেখানে হাতকড়াসহ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মাহাদী মিরপুরের বড়বাগ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বরিশাল থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার মাহাদীকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল বলেও জানান ওসি।
