ওয়াটারএইড প্রধান আসছেন শনিবার
বাংলাদেশে পরিচালিত কর্মসূচিগুলোর সর্বশেষ পরিস্থিতি দেখতে এক সপ্তাহের সফরে শনিবার ঢাকা আসছেন যুক্তরাজ্যভিত্তিক উন্নয়ন সংস্থা ওয়াটারএইড ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
আন্তর্জাতিক এ সংস্থাটির প্রধান নির্বাহী বারবারা ফ্রস্ট ও উপ-প্রধান নির্বাহী গিরিশ মেনন সফরে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ছাড়াও এনজিও কর্মকর্তা ও অন্যান্য সহযোগীদের সঙ্গে বৈঠক করবেন।
সংস্থাটির বাংলাদেশ দপ্তর জানিয়েছে, ওয়াটারএইডের শীর্ষ কর্মকর্তারা ঢাকা ছাড়াও খুলনা ও টাঙ্গাইলে তাদের কার্যক্রম পরিদর্শন করবেন।
বাংলাদেশে বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের উন্নয়নে কাজ করছে তারা।
ওয়াটারএইডের বৈশ্বিক কর্মকৌশল নির্ধারণে নেতৃত্ব দেন বারবারা। আর গিরিশ সংস্থাটির আন্তর্জাতিক কর্মসূচি বিভাগের প্রধানের দায়িত্বে রয়েছেন।
বর্তমানে বিশ্বের ২৭টি দেশে সংস্থাটির কার্যক্রম রয়েছে।
