২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র সচিব হলেন শহিদুল হক

ছয় মাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালনের পর সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. শহিদুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 07:17 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার থেকেই তার পদোন্নতির আদেশ কার্যকর হয়েছে।

দীর্ঘ ১১ বছর বিশেষ ছুটিতে (লিয়েনে) থাকা শহিদুল হককে গত বছর অগাস্টে মহাপরিচালক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরিয়ে আনা হয়। পরে তাকে অতিরিক্ত সচিব করা হয়।

পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর গত ১০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান শহিদুল।

১৯৮৬ সালের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা ২০০১ সাল থেকে বিশেষ ছুটিতে ছিলেন। ওই সময়টায় তিনি আন্তর্জাতিক অভিবাসী সংস্থায় (আইওএম) কাজ করেন।

দেশে ফেরার আগে জেনেভায় আন্তর্জাতিক অভিবাসী সংস্থার ‘আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব’ শাখার পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে স্নাতক ডিগ্রি নেয়া শহিদুল ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতোকোত্তর ডিগ্রি নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি হলেন দ্বিতীয় কর্মকর্তা, যিনি কখনো রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেননি। তার আগে তৌহিদ হোসেন ডেপুটি হাই কমিশনার পদ থেকে সচিব হয়েছিলেন।