২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার কবরে ছাত্রদলের শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 05:49 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবের নেতৃত্বে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির নেতা-কর্মীরা শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সাবেক সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১৫ এপ্রিল ছাত্রদলের ২৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়।

দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম কে আনোয়ার।

সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে ভাংচুরের সঙ্গে জড়িতদের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন তিনি।

এই বিএনপি নেতা বলেন. “পিএসসি কাকে চাকরি দেবে বা না দেবে-সেটা তাদের বিষয়।  যারা  চাকরি পাবে তারা মেধা পরীক্ষায় উত্তীর্ণ হয়েই চাকরি পাবে। কে চাকরি পাবে আর কে পাবে না- সে বিষয়ে প্রধানমন্ত্রীর এমন কথা বলার কোনো অধিকার নেই।”

আগের দিন গণভবনে আওয়ামী লীগের এক সভায় কোটাবিরোধী আন্দোলনে ভাংচুরকারীদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন,  “যারা ভাংচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তাদের ছবি রয়েছে। মৌখিক পরীক্ষার সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি পুনর্বিবেচনার দাবি জানান এম কে আনোয়ার।