গাজীপুরে এডিসির গাড়ি পুড়ালো শিবির
জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় ঘোষণার পর গাজীপুর শহরে অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) গাড়ি পুড়িয়ে দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আল বদর প্রধানের ফাঁসির রায় ঘোষণা করে।
বিকাল সাড়ে ৪টার দিকে শহরের পুলিশ সুপারের কার্যালয়ের পাশে মোশারফ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
পরে অগ্নিনির্বাপক বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাজীপুর অগ্নিনির্বাপক বাহিনীর স্টেশন কর্মকর্তা আবু নাসের আহমেদ জানান, ছাত্রশিবিরের একটি ঝটিকা মিছিল থেকে এ গাড়িটি পুড়ানো হয়। আগুনে গাড়ির ভেতরের সিট-কভার ও কিছু অংশ পুড়ে গেছে।
অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) শাহ নেওয়াজ দিলরুবা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে তিনি গাড়িটি মোশারফ টাওয়ারের সামনে রেখে ব্যক্তিগত কাজে মার্কেটের ভিতরে যান।
এ সময়ই শিবিরকর্মীরা গাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায় বলে জানান এডিসি।
