রাজশাহীতে পুলিশ-শিবির সংর্ঘষ
মানবতাবিরোধী অপরাধে আল বদর প্রধান আলী আহসান মো. মুজাহিদের ফাঁসির রায় ঘোষণার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র শিবির ও পুলিশের সংঘর্ষর হয়েছে।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে বিনোদপুর ফটকে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুজাহিদের রায় ঘোষণার পরপরই শিবিরের কয়েকটি দল হঠাৎ ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ ও বিক্ষোভের চেষ্টা করে।
বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ফাঁকাগুলি ও টিয়ারসেল নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
তবে এইসময় পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
