২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পুলিশের গাড়িতে হামলা

হরতালের সকালে সিলেট নগরীতে পুলিশ বহনকারী একটি গাড়িতে হামলা ও ভাংচুর করেছে ইসলামী ছাত্র শিবিরকর্মীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 06:33 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

সকাল সাড়ে ১০টার দিকে কুমারপাড়া এলাকায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন জানান, হরতালকারীরা নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় পুলিশকে বহনকারী একটি গাড়িতে ভাংচুর করে তারা।

এছাড়া কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবিরের একটি মিছিল বের হলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশকে বহনকারী একটি লেগুনা ভাংচুর করে।

এরপর মিরাবাজার এলাকায় সড়কে বাঁশ ও ইটপাটকেল ছড়িয়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে শিবিরকর্মীরা। এ সময় তারা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

সকাল থেকে নগরীতে কিছু সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলছে না।

সিলেট থেকে দুরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

তবে যথাসময়ে ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।

হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রয়েছে র‌্যাব ও বিজিবির টহল।