২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সহিংসতার মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

ফটিকছড়ির ভুজপুরে সহিংসতার ঘটনার মামলার আসামি জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা চট্টগ্রামে গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 01:53 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

গ্রেপ্তার জিয়াউল হক (৪৫) ফটিকছড়ি উপজেলার দাঁদমারা ইউনিয়ন জামায়াতের আমির।

মঙ্গলবার বিকালে হালিশহর থানাধীন উত্তরা আবাসিক এলাকার মুহুড়ি পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হালিশহর থানার ওসি শাহজাহান কবির।

ওসি শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিয়াউল হক ফটিকছড়ির ভুজপুর ইউনিয়নে সহিংসতার মামলার আসামি। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গত ১১ এপ্রিল দুপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন আজাদীবাজার থেকে একটি হরতালবিরোধী মিছিল বের করে।

মিছিলটি ভুজপুর থানার কাজীরহাটে পৌঁছালে স্থানীয় কাজীরহাট বড় মাদ্রাসা থেকে ‘সন্ত্রাসীরা আসছে’ বলে মাইকিং করা হয়। এরপরই মিছিলে হামলা চালায় হেফাজত ইসলাম ও জামায়াত ইসলামের কর্মীরা।

সংঘর্ষে তিনজন নিহত হন, আহত হন অর্ধশতাধিক। পুড়িয়ে দেয়া হয় পাঁচশটি মোটরসাইকেল, কয়েকটি জিপ ও দমকল বাহিনীর গাড়ি।