২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের সমর্থনে চট্টগ্রামে জাগরণ মঞ্চের সমাবেশ

গোলাম আযমের কারাদণ্ডের রায় প্রত্যাখান করে ডাকা হরতালের সমর্থনে চট্টগ্রামেও মিছিল- সমাবেশ করছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 06:44 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রামের জামালখান প্রেসক্লাব চত্বরে অবস্থান নিয়ে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা হরতালের সমর্থনে স্লোগান দেন।

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর যুদ্ধকালীন প্রধান গোলাম আযমের ফাঁসির দাবিতে স্লোগান দেন তারা।

গণজাগরণ মঞ্চের চট্টগ্রামের সমন্বয়কারী শরিফ চৌহান বলেন, হরতালের সমর্থনে তারা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে গোলাম আযমের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করছেন। একইসাথে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করা হচ্ছে।

ভাংচুর, হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে হরতালে জনগণকে ভয় না দেখানোয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের হরতালে সাড়া দিচ্ছে বলেও দাবি করেন তিনি।

হরতালের সমর্থনে গণজাগরণ মঞ্চের সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, যুব ইউনিয়নের চট্টগ্রাম জেলা সভাপতি আরিফুল হাই, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও উদীচীসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র, যুব ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। 

অবস্থান কর্মসূচি ছাড়াও হরতালের সমর্থনে মিছিল করে গণজাগরণের মঞ্চের কর্মীরা।