২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল কোর্ট হাজতের দুই হাবিলদার প্রত্যাহার

বরিশাল জেলা কোর্ট হাজতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 11:29 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

দুপুরে আগুন লাগার সময় হাজতের দায়িত্বে থাকা হাবিলদার জাহাঙ্গীর হোসেন এবং শামসুল হককে সোমবার বিকালে প্রত্যহার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ।

বেলা ১২টার দিকে এ ঘটনার সময় হাজতে ১২ জন আসামি ছিল বলে জানিয়েছেন কোর্ট পুলিশ।

হাবিলদার জাহাঙ্গীর হোসেন জানান, হাজতে ধোঁয়া দেখে এবং হাজতিদের ডাক চিৎকার শুনে তিনিসহ আদালতের অন্যান্য কর্মচারিরা ছুটে যান। পরে তারা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন।

তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি দায়িত্বরত হাবিলদার জাহাঙ্গীর হোসেন এবং শামসুল হক।