২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতেও সংঘর্ষে জড়ালো শিবির

গোলাম আযমের যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণার পর রাজশাহীতে ঝটিকা মিছিল বের করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 11:08 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

এ সময় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। হাতবোমার বিস্ফোরণে দুই সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, দুপুরে মহানগরীর বর্ণালী মোড় থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরকর্মীরা। মিছিলটি কাদিরগঞ্জ মোড়ে পৌঁছলে মিছিল থেকে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা এগিয়ে এলে জামায়াত-শিবিরের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

তখন শিবিরকর্মীরা আরো তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটালে দুই সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়।

পরে জামায়াত-শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোঁড়ে বলে জানান বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া।

তিনি বলেন, এ সময় ছাত্রশিবির পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে পুলিশ ৬ শিবিরকর্মীকে আটক করে।

এছাড়াও একই সময় রায়ের প্রতিবাদে শিবিরকর্মীরা নগরীর ডিঙ্গাডোবা এলাকায় ঝটিকা মিছিল বের করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটনায় বলে জানান ওসি জিয়াউর।