২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের আত্মীয় সন্দেহে মারধর

মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে বাঙালি নিধনযজ্ঞের মূল পরিকল্পনাকারী গোলাম আযমের রায় ঘোষণার পরপরই ট্রাইবুনালের বাইরে তার আত্মীয় সন্দেহে বিক্ষোভকারীদের হাতে মারধরের শিকার হয়েছেন এব ব্যক্তি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 10:27 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব জানান, রায় ঘোষণার পরপরই ট্রাইবুনালের বাইরে মুক্তিযোদ্ধা সংসদের প্রায় অর্ধশতাধিক সদস্য বিক্ষোভ করেন। তাদের নেতৃত্বে ছিলেন সংগঠনটির সভাপতি মেহেদী হাসান।

এ সময় গোলাম আযমের আত্মীয় সন্দেহে বিক্ষোভকারীরা পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে মারধর শুরু করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

মারধরের সময় ওই ব্যক্তি নিজেকে গোলাম আযমের আত্মীয় হিসাবে অস্বীকার করলেও নিজের পরিচয় দেননি। 

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রধান বিচারক এ টি এম ফজলে কবীর সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে  বহু প্রতীক্ষিত এই  রায় ঘোষণা করেন।

রায়ে গোলাম আযমকে মোট ৯০ বছরের কারাদণ্ড দেয় যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত এই বিশেষ আদালত।

বিচারক বলেন, জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে হত্যা ও নিযার্তনের ষড়যন্ত্র ও সহযোগিতা, উস্কানি দেয়া, সম্পৃক্ততার পাঁচ ধরনের অভিযোগের সবকটি প্রমাণিত হয়েছে।

উপমহাদেশের বিতর্কিত ধর্মীয় রাজনীতিক আবুল আলা মওদুদীর অন্যতম প্রধান শিষ্য গোলাম আযমকে যুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের নেতৃত্ব দেয়ার অপরাধে এই দণ্ড দেন বিচারক।