২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে জামায়াতকর্মীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জামায়াতকর্মী নিহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 10:26 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে এ সংঘর্ষে শিবগঞ্জ পৌর এলাকার মোহদীপুর মহল্লার সাজ্জাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৪৩) নিহত হয়।

নুরুল ইসলাম জামায়াতকর্মী বলে দাবি করেছেন উপজেলা জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমির মনিরুল ইসলাম।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা গোলাম আযমের রায়ের বিরুদ্ধে ডাকা হরতালে দুপুর ১টার দিকে  শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুরে জামায়াত-শিবিরকর্মীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে মিছিল করে । এ সময় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।

জামায়াত-শিবিরকর্মীরা আইন-শৃংখলা বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে বলে জানান ওসি মিজান।

 এ সময় বুকে গুলিবিদ্ধ হয়ে নুরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় বলে স্থানীয়রা জানায়। লাশ তার বাড়িতে রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহমেদ বলেন, “মারা যাওয়ার ব্যাপারটি শুনেছি তবে কিভাবে মারা গেছে এ ব্যাপারে আমরা নিশ্চিত নই।”

বিকালে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর লতিফুর রহমান সংঘর্ষে জিয়াউর রহমান (১৮) নামে তাদের আরো এক কর্মী মারা গেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে দাবি করেন।

লতিফুর বলেন, সংঘর্ষের পর গুরুতর আহত হয় জিয়াউর। তাকে গোপনে চিকিসা দিতে রাজশাহী নেয়া হচ্ছিল। পথেই সে মারা যায়।

জিয়াউর কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাকসিয়া ইউনিয়নের চামা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে ঘোড়াপাকসিয়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।