নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন
স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।
একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাভোগ করতে হবে।
সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ আসামির উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডিত আবুল কাসেম বারহাট্টা উপজেলার পশ্চিম ছালিপোড়া গ্রামের বাসিন্দা।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় কাসেমের ভাই আব্দুল কুদ্দুছকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ লতিফুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে ২০০০ সালের ২ জুন রাতে আবুল কাসেম স্ত্রী জ্যোৎস্না আক্তারকে পিঠিয়ে হত্যার পর গলায় রশি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়।
পরে ভিসেরা রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেলে ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে থানায় হত্যা মামলা করে।
তদন্ত শেষে ২০০৩ সালের ১৬ মার্চ আবুল কাসেম ও তার ভাই আব্দুল কুদ্দুছের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
