২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পিটুনিতে ২ শিবিরকর্মী নিহত

হরতালের ভোরে গাছ কেটে রাস্তা অবরোধের সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পিটুনিতে দুই শিবিরকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 05:04 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

নিহতরা হলেন মিরপুরের আমবাড়িয়া ইউনিয়নের বামনগাড়ী গ্রামের শফিউল আলমের ছেলে আল মুকিত তরুণ (২২) ও হালসা গ্রামের খবির উদ্দিনের ছেলে সবুজ আহমেদ (১৮)।

মুকিত কুষ্টিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ এবং সবুজ হালসা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

আহত সাদ্দাম হোসেন ফরিদকে (২৩) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার হালসা আনন্দনগর এলাকায় বেশ কয়েকজন ভোরে গাছ কেটে রাস্তা অবরোধের চেষ্টা করলে এলাকাবাসী তাদের পিটুনি দেয়।

“তবে এটা পিকেটিংয়ের চেষ্টা না ডাকাতির ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে,” বলেন এই পুলিশ কর্মকর্তা।

নিহতদের পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, হরতালে রাস্তা অবরোধ করতে ভোরে মুকিত, সবুজ ও সাদ্দাম হোসেন ফরিদসহ (২৩) বেশ কয়েকজন শিবিরকর্মী গাছ কেটে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে ফেলছিলেন।

এ সময় অন্ধকার থাকায় এলাকাবাসী ডাকাত সন্দেহে তাদের পিটুনি দিলে ওই তিনজন গুরুতর আহত হন।

সংবাদ পেয়ে মিরপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে আল মুকিত তরুণ ও সবুজ আহমেদের মৃত্যু হয়। পরে সাদ্দামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে ইসলামী ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি রেজাউল করিম নয়ন বলেন, “এটা গণপিটুনির ঘটনা নয়। হরতালের সর্মথনে পিকেটিংকালে সরকাদলীয় লোকজন পরিকল্পিতভাবে আমাদের দুই কর্মীকে হত্যা করেছে।”

এ ব্যাপারে উপজেলার আমবড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলীম টুটুল বলেন, শিবিরের অভিযোগ সঠিক নয়। গাছ কাটার কারণে এলাকার সাধারণ লোকজন তাদের পিটিয়ে হত্যা করেছে।

জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় দেয়ার দিন সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ডেকেছে দলটি।