২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের আগে হাতবোমা বিস্ফোরণ-ভাংচুর টঙ্গীতে

হরতালের সমর্থনে মিছিল থেকে রোববার গাজীপুরে মিছিল-সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর কর্মীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 05:53 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

টঙ্গীতে মিছিলকারীরা একটি হাতবোমা বিস্ফোরণ ঘটায় এবং গাড়ির কাচ ভাংচুর করে।

যুদ্ধাপরাধের মামলায় গোলাম আযমের মামলার রায়ের দিন সোমবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত। হরতাল ডাকার পর রাজধানীতেও বিভিন্ন স্থানে ভাংচুর চালায় জামায়াতকর্মীরা।     

টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, রাত সোয়া ৮টার দিকে ৮-১০জন চেরাগ আলী বাজার এলাকায় একটি গলি থেকে মিছিল নিয়ে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বের হয়। পরে তারা মহাসড়কে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং ইট ছুড়ে কয়েকটি বাসের কাচ ভাংচুর করে।

পুলিশ গেলে জামায়াতকর্মীরা পালিয়ে যায় বলে তিনি জানান।

এদিকে গাজীপুর পৌর জামায়াতের আমির খায়রুল হাসানের নেতৃত্বে বিকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শিববাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।

এছাড়া সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে গাজীপুর মহানগরের চান্দনা-চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল থেকে রাস্তায় টায়ারে আগুন জ্বালানো হয়।