পটিয়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বরুলিয়া এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
তবে বিধ্বস্ত হওয়ার আগেই এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট এম আরাফাত প্যারাসুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করেন বলে পুলিশ জানিয়েছে।
পটিয়া থানার ওসি মফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা সাড়ে ৩টার দিকে বিমানবাহিনীর এ-৫ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।
চীনে তৈরি এই বিমানটি বেলা সাড়ে ৩টার কিছু আগে নগরীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, উড্ডয়নের কিছু সময় পর বিমানটি বরুলিয়া এলাকায় ধান ক্ষেতে গিয়ে বিধ্বস্ত হয়।
পাইলট আরাফাত প্যারাসুটে করে পটিয়ার ভাটিখাইন গ্রামের বাকখালীতে নামেন।
বাকখালী এলাকার রুবেল বড়ুয়া সাংবাদিকদের বলেন, “হঠাৎ করে কাগজি পুকুরে আকাশ থেকে একজন লোককে নেমে আসতে দেখলাম। আমরা পাঁচজন পুকুরে নেমে তাকে তুলে আনি। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।”
অন্যদিকে বিমানটি এর এক কিলোমিটার দূরে বরুলিয়ার চানখালীতে গিয়ে পড়ে।
ওই সময় ওই এলাকার বৃষ্টি হচ্ছিল। বিমানটি কাদামাটিতে ডেবে যায়।
সরেজমিনে দেখা গেছে, একঠি খালের পাশে কাদামাটিতে প্রায় দুশ’ গজ এলাকাজুড়ে বিমানটির ছোট ছোট খণ্ডিত অংশ পড়ে রয়েছে।
পাইলটকে উদ্ধৃত করে ওসি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় তিনি প্যারাসুট নিয়ে লাফ দেন।
দুর্ঘটনার পর পটিয়া কলেজ মাঠে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার এসে পাইলট আরাফাতকে ঘাঁটিতে নিয়ে যায়।
দুর্ঘটনা কবলিত বিমানটি উদ্ধারে বিমান বাহিনীর একটি দল কাজ চালাচ্ছে।
