২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের রায় ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে গোলাম আযমের রায়কে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 10:27 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল রোববার জানিয়েছে, সোমবার জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের মামলার রায় দেয়া হবে।

ট্রাইব্যুনাল রায়ের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জামায়াতকর্মীরা রাজধানীর বিজয়নগরে কয়েকটি গাড়ি ভাংচুর করে, পুলিশ সদস্যদের ওপরও চড়াও হয় তারা।

রায়ের দিন সারাদেশে হরতালও ডেকেছে জামায়াত। 

ঢাকা মহানগর পুলিশ উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়কে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা কেউ ঘটাতে না পারে, সেজন্য পযার্প্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।

গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরাও বসানো হবে বলে তিনি জানান।

Image
যুদ্ধাপরাধী আবুল কালাম আযাদের রায়কে কেন্দ্র করে কঠোর নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

যুদ্ধাপরাধী আবুল কালাম আযাদের রায়কে কেন্দ্র করে কঠোর নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আইন-শৃঙ্খলা বাহিনীর কতজন সদস্য নিয়োজিত থাকবে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, “যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধের ক্ষমতা নিয়ে পুলিশ মাঠে থাকবে।”

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে এর আগে জামায়াত নেতাদের বিরুদ্ধে রায়ের পর দলটির কর্মীরা সহিংস বিক্ষোভ দেখায়। দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়ের পর গত মার্চের প্রথম সপ্তাহজুড়ে সহিংসতায় নিহত হন অন্তত ৬৭ জন।

এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, গোলাম আযমের নিজের জেলায় শতাধিক স্থানে সোমবার ভোর থেকে দাঙ্গা পুলিশ মোতায়েনের প্রস্তুতি রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, এজন্য বাইরে থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। এছাড়া বিজিবিকেও সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

গোলাম আযমের বাড়ি নবীনগর উপজেলার বীরগাঁওয়ে।