২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে মারধর, গাড়িতে আগুন

ট্রাইব্যুনালে গোলাম আযমের রায়ের তারিখ ঘোষণার পর রাজধানীর বিজয়নগরে ঝটিকা মিছিল নিয়ে হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে আহত করেছে জামায়াত-শিবির কর্মীরা। পুড়িয়ে দেয়া হয়ে পুলিশের ব্যবহৃত একটি মাইক্রোবাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 08:46 AM

Updated : 13 Oct 2022, 02:53 PM

পুরনো খবর:

ফেনীতে শিবিরের হামলায় বিচারক আহত
চট্টগ্রামে শিবিরের গাড়ি ভাংচুর

রোববার বেলা ২টার পর পল্টন মোড় থেকে বিজয়নগরের পানির ট্যাঙ্কির মাঝামাঝি এলাকায় এ ঘটনায় আরো বেশ আন্তত আটটি গাড়ি ভাংচুর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত পল্টন থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাসির উদ্দিন নামের এক উপ পরিদর্শক ও রফিকুল ইসলাম নামের এক সহকারী উপ পরিদর্শকও আহত হয়েছেন জামায়াতি হামলায়।

ঘটনার সময় ওই এলাকায় দায়িত্বে থাকা পুলিশের কনস্টেবল মিজান ঢাকা মেডিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি পরিদর্শক আলমগীর, উপ পরিদর্শক নাসির উদ্দিন ও জাহাঙ্গীর এবং কনস্টেবল মজিবুর রহমানের সঙ্গে ওই সড়কের একপাশে গাড়িতে অবস্থান করছিলেন।। এ সময় হঠাৎ ৫০/৬০ জন যুবক মিছিল নিয়ে এসে  লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং গাড়িতে পেট্রোল ঢেলে দেয়।

পেট্রোল ঢালার পর সবাই বাইরে বেরিয়ে এলে হামলাকারীরা গাড়িতে আগুন দেয় এবং পুলিশ সদস্যদের মারধর শুরু করে বলে এস আই জাহাঙ্গীর জানান।

মিছিলকারীদের ছোড়া ইটের আঘাতে মাথায় গুরুতর আঘাত পান পরিদর্শক আলমগীর। আহত হন নাসিরও। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।    

জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইনস্পেক্টর আলমগীর ইউনিফর্মে ছিলেন। আর আমরা সবাই ছিলাম সাদা পোশাকে।”       

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সোয়া ২টার দিকে বিজয়নগরে একটি মাইক্রোবাসে আগুন দেয়া হলে অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

এদিকে একই সময়ে কস্তুরি হোটেল থেকে বেরিয়ে এসে নিজের মোটরসাইকেলে ওঠার সময় হামলার মুখে পড়েন পুলিশের রাজারবাগ টেলিকম বিভাগের দায়িত্বে থাকা সহকারী  উপ পরিদর্শক রফিকুল। এ সময় তাকে মারধর করা হয় এবং তার মোটর সাইকেলে আগুন দেয়ার চেষ্টা করে হামলাকারীরা । 

ওই এলাকায় কয়েকটি হাতবোমাও ফাটানো হয় এ সময়।

এরইমধ্যে খবর পেয়ে আরো পুলিশ সেখানে পৌঁছায় এবং রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।