চাটখিল নির্বাচন: ৩০ জুলাইয়ের মধ্যে রিট নিষ্পত্তি
চাটখিল পৌরসভা নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ বিষয়ে হাই কোর্টে বিবেচনাধীন রিট ৩০ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
বিচারপতি নাঈমা হায়দার নেতৃত্বাধীন বেঞ্চে ৩০ জুলাইয়ের মধ্যে এ রিটের নিষ্পত্তি করতে বলা হয়েছে আদেশে।
বেসরকারি ফলে নির্বাচিত মেয়র মোস্তফা কালামের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার মওদুদ আহমদ ও মাহবুব উদ্দিন খোকন।
পরাজিত হওয়ার পর তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন। পরে নির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত চেয়ে তিনি গত ১ জুলাই এই রিট আবেদন করেন।
তার আবেদনের প্রেক্ষিতে গত ৭ জুলাই হাই কোর্ট চাটখিল পৌরসভার মেয়র পদে নির্বাচনের ফলের গেজেট প্রকাশে তিন মাসের নিষেধাজ্ঞা দেয়।
হাইকোর্টের ওই আদেশ স্থগিত করতে নির্বাচিত মেয়র মোস্তফা কামাল আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। চেম্বার আদালত গত ৯ জুলাই হাই কোর্টের আদেশ স্থগিত করে। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চও তা অব্যাহত রেখেছে।
ওই পৌরসভার ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে উপজেলা সদরে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও র্যাব লাঠিপেটা ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত ২৬ এপ্রিল সাবেক মেয়র সিরাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুর পর পদটি শূন্য হয়।
