শ্বশুরবাড়িতে খুন
সিরাজগঞ্জের তাড়াশে শ্বশুড়বাড়ির লোকের পিটুনিতে এক কৃষক মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাড়াশের কাজিপুর গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে আব্দুল ওহেদ আলী (৩৮)।
শুক্রবার বিকেলে তিনি শ্বশুরবাড়িতে পিটুনির শিকার হন বলে তাড়াশ থানার এসআই রাকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, ওহেদ আলী বেশ কিছু দিন আগে নিজ গ্রামের সালমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। শুরু থেকেই এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কলহ বিবাদ চলতে থাকে। একপর্যায়ে সালমা নিজেই ওহেদের বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যায়। এর কিছুদিন পর থেকে ওহেদ, সালমার বাড়িতে যাতায়াত করতে থাকে।
শুক্রবার পিটুনির পর ওহেদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
