হোপের আরো তিন নাবিক দেশে ফিরলেন
থাইল্যান্ড উপকূলে দুর্টনায় পড়া বাংলাদেশি জাহাজ এমভি হোপের আরো তিন নাবিক দেশে পৌঁছেছেন।
এই তিনজন হলেন, হোপের ইঞ্জিন ক্যাডেট মুশফিকুর রহমান এবং ডেক ক্যাডেট মো. আবু বকর সিদ্দীক ও রায়েক ফাইরুজ।
চট্টগ্রামে জাহাজ মালিকদের পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের প্রতিনিধি লেফটেনেন্ট নাঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে ব্যাংকক এয়ারওয়েজের একটি ফ্লাইটে (পিজি-৭৪৫) তিন নাবিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
শুক্রবার সকালে রাজধানীর বাংলা মোটরে পিএনআই প্রতিনিধিদের সঙ্গে এই তিন নাবিক সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি।
গত ৪ জুলাই ভোর রাতে আন্দামান সাগরের থাই উপকূলে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি হোপ, এতে থাকা ১৭ নাবিক প্রাণ বাঁচাতে ঝাঁপ দেয় সাগরে।
তাদের মধ্যে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে নয়জনকে। এমভি বাক্সমুন নামের একটি জার্মান জাহাজে করে এদের মধ্যে পাঁচজন গত রোববার চট্টগ্রামে পৌঁছেছেন।
থাই অনলাইন সংবাদপত্র ফুকেট গেজেট জানায়, সোমবার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পর হোপকে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়। তারপর আরো চারজনের লাশ সাগরে ভেসে ওঠার খবর পাওয়া গেলেও তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
মহিউদ্দিন আবদুল কাদের বলেন, “ভেসে ওঠা লাশগুলো আমাদের কি না তা এখনো নিশ্চিত নই। ওই এলাকায় এমভি হোপ ছাড়া অন্য কোন জাহাজ দুর্ঘটনায় পড়েনি, সে হিসেবে তারা আমাদের নিখোঁজ নাবিকদের লাশ হওয়ার সম্ভাবনা বেশি।”
আন্দামান সাগরে ভেসে ওঠা চার নাবিকের লাশ উদ্ধারের জন্য জাহাজ মালিকপক্ষ এক হাজার ডলার করে পুরস্কার ঘোষণা করেছে বলে জানান তিনি।
মহিউদ্দিন কাদের জানান, জাহাজের সেকেন্ড অফিসার মোহাম্মদ মোবারক হোসেন শুক্রবার দেশে ফিরতে পারেন। আর চিফ অফিসার মাহবুব মোর্শেদ ও চিফ ইঞ্জিনিয়ার কাজী সাইফুদ্দিনের লাশ ময়নাতদন্ত শেষে দেশে আনা হবে।
