২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুই এসআইয়ের বিরুদ্ধে হত্যা মামলা

রাজশাহীর বাঘা থানার দুই উপ-পরিদর্শকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নিহত কয়েদি হাসমত আলী ভুট্টুর (৪৫) বাবা মসলেম উদ্দিন।

মামলার বাদীপক্ষের আইনজীবী কামরুল মনি বলেন, মামলায় বাঘা থানার দুই এসআই সেলিম ও আসাদকে আসামি করা হয়েছে।

বিচারক মামলাটি আমলে নিয়ে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী।

মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, গত ২৭ জুন রাতে ভুট্টুকে আটক করেন এসআই সেলিম।

থানায় নিয়ে এসআই সেলিম ও আসাদ ভুট্টুর কাছে মুক্তির জন্য ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে ভুট্টুকে নির্যাতন করা হয় বলে মামলায় অভিযোগ করেন মসলেম।

২৮ জুন মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভুট্টুকে এক মাসের জেল অন্যথায় ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

রায়ের পর ভুট্টুকে থানায় নিয়ে আবারো পাঁচ হাজার টাকা ঘুষের দাবিতে নির্যাতন চালানো হয়।

পরদিন গুরুতর আহত অবস্থায় ভুট্টুকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। সে সময় ভুট্টু তার পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের কথা জানান বলে দাবি করেন মসলেম।

ওইদিনই ভুট্টুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুন সন্ধ্যায় তিনি মারা যান।