গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত
নদীর পানি প্রবাহ বেড়ে যাওয়ায় গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে তিস্তা, ঘাঘট, করতোয়া এবং যমুনা নদীর পানি বাড়লেও এখনো তা বিপদসীমার নিচে রয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা মো. আসাফুদ্দৌলা জানিয়েছেন, পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন শুরু হয়েছে।
সুন্দরগঞ্জের হরিপুর, কাপাসিয়া, তারাপুর ও চণ্ডিপুর, গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও গিদারি, ফুলছড়ি উপজেলার ফজলুপুর, উড়িয়া, ফুলছড়ি ও গজারিয়া এবং সাঘাটা উপজেলার হলদিয়া, ভরতখালি, ঘুড়িদহ ও সদর ইউনিয়নের ২১টি গ্রামে ইতোমধ্যে পানি ওঠেছে।
ফলে কাউন, আখ, চিনা, তিল, আমন বীজতলা, মরিচ, পটল, ঢেঁড়সসহ অন্যান্য ফসল পানিতে তলিয়ে যাচ্ছে।
ভাঙন শুরু হয়েছে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘড়িয়া, ফুলছড়ির ইউনিয়নের রতনপুর, গজারিয়ার গণকবর, সাঘাটা ইউনিয়নের হাসিলকান্দি, গোবিন্দী এবং হলদিয়া ইউনিয়নের চিনিরপটল এলাকায়ও।
ভাঙনের কবলে পড়েছে ফুলছড়ির দক্ষিণ কাবিলপুর, চর কৃষ্ণমণি, হেলেঞ্চা ও কাউয়াবাঁধা প্রাথমিক বিদ্যালয়।
