২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মেডিকেল কলেজের ছাত্র-শিক্ষকসহ নিহত ৩

কুমিল্লা সদরে পিকআপচাপায় মেডিকেল কলেজের ছাত্র-শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 11:54 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বুধবার রাতে কুমিল্লা-নোয়াখালী সড়কের হরিশচর এলাকায় এ দুর্ঘটনায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের শিক্ষক ও লাকসাম উপজেলার বাসিন্দা আশিকুর রহমান সুমন (৩০), একই কলেজের শেষ বর্ষের ছাত্র ও দক্ষিণ চর্থা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আবু আব্দুল্লাহ আসলাম (২৫) এবং দক্ষিণ চর্থা এলাকার নাসির মিয়ার ছেলে ঠিকাদার জনি (২৬)।

ঘটনার সত্যতা স্বীকার করে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, ওই তিনজন মোটরসাইকেলে করে লাকসামে সুমনের বাড়ি যাচ্ছিলেন।

পথে একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জনি মারা যান।

গুরুতর আহত  আসলাম ও সুমনকে শহরের মুন হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে তারা মারা যান বলে জানান খোরশেদ আলম।

আসলাম সেন্ট্রাল মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক।