‘শেষ মামলায় জিতেও ক্যান্সারে হার’
জীবনের শেষ মামলার রায় এসেছিল আইনজীবী ড. এম জহিরের পক্ষে। মৃত্যুর মাত্র ২০ দিন আগের সেই কথা স্মরণ করে মামলার প্রতিপক্ষ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বললেন, অথচ ক্যান্সারের কাছেই হার মানতে হলো তাকে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংকক হাসপাতালে ৭৪ বছর বয়সে মারা যান ড. জহির।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আদালত পাড়ায় অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন এম জহিরকে নিয়ে, যার মত সংবিধানের বিভিন্ন বিষয়েও গুরুত্বের সঙ্গে নেয়া হত।
“গত ২০ জুন দেয়া ওই মামলার রায়ে আমি হেরে গেছি। ফুল কোর্টে এটাই তার সর্বশেষ মামলা। এই মামলার একপক্ষে আমি ছিলাম। অপরপক্ষে ড. এম জহির। উনি রায় দেখে গেছেন।”
“উনি এই মামলায় জিতেছেন, কিন্তু রোগের কাছে হেরে গেছেন। এটিই তার জীবনের সর্বশেষ মামলা। এরপর আর কোন মামলা করেন নাই।”
ব্যারিস্টার রোকন বলেন, “যতগুলো সাংবিধানিক মামলা ছিল, তার সবগুলোতেই উনি ছিলেন।”
১৯৬২ সালে আইন পেশায় যোগ দেয়া জহির মূলত কোম্পানি আইন বিশেষজ্ঞ হলেও সংবিধানের বিভিন্ন বিষয়েও তার মত গুরুত্বের সঙ্গে নেয়া হত।
ব্যারিস্টার এম আমীর উল ইসলাম বলেন, “আমি ও আমার বন্ধুরা তার মৃত্যুতে শোকাহত। আমরা একজন প্রতিভাবান আইনজীবীকে হারিয়েছি। সারা জীবন তার অভাব অনুভব করবো। আমরা তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
ড. জহিরের আইন পেশায় সূচনার কথা স্মরণ করে তিনি বলেন, “ষাটের দশকের মাঝামাঝি তিনি আইন পেশায় যোগ দেন। আগরতলা ষড়যন্ত্র মামলায় কামাল হোসেন ও সুলতানকে ধরে নিয়ে যাওয়া হয়।এই দুইজনকে নিয়ে আমি হেবিয়াস করপাস করি। এই দুই মামলা আমি নিই। চিন্তা করি আরো কয়েকজনকে সঙ্গে নেয়া দরকার। তখন ড. জহির দেশে ফিরেছে। বিনা পয়সায় মামলা করতে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলো।”
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, তার মৃত্যুতে এ দেশের আইন অঙ্গনে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে।
এম জহিরের মৃত্যুতে আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মো. আলী, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকার জেলা জজ মো. আব্দুল মজিদ, মহাসচিব ও ভারপ্রাপ্ত আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা, মহানগর দায়রা জজ মো. জহুরুল হক শোক প্রকাশ করেছেন।
