পাউবোর হিসাবরক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পানি উন্নয়ন বোর্ড ঢাকা অডিট পরিদপ্তরের হিসাবরক্ষকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার রাতে বরিশাল কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা কার্যালয়ের পরিচালক (অনুসন্ধান ও তদন্ত) মোস্তাফিজুর রহমান।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক থাকা অবস্থায় লোকমান হোসেন গাজী চেক জালিয়াতি করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বরিশাল কোতয়ালী থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, লোকমান হোসেন গাজী ২০১১ সালে পানি উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ওই সময়ে তিনি চেক জালিয়াতির মাধ্যমে ২ লাখ ২২ হাজার ৭৬৫ টাকা আত্মসাত করেন।
দুদক তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলাটি করেছে।
