শেখ হাসিনার উপদেষ্টা হলেন ইকবাল সোবহান
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।
বৃহস্পতিবার তার এই নিয়োগের আদেশ হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইকবাল সোবহান আওয়ামী লীগ সভানেত্রীর উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন।
এই দায়িত্বটি অবৈতনিক বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ইকবাল সোবহান।
নিয়োগের আদেশে বলা হয়েছে, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে নিয়োগ প্রদান করা হল।”
“এই দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন এবং সভানেত্রীর কাছে জবাবদিহি করবেন।”
ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজার্ভারের সাবেক সম্পাদক ইকবাল সোবহান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি। তিনি বাসস’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যানও ছিলেন।
ইকবাল সোবহান চার দশক আগে অবজার্ভারে স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। প্রকাশনা বন্ধের আগ পর্যন্ত এই পত্রিকার সম্পাদক ছিলেন তিনি।
