কোটা বাতিলের দাবিতে অবরোধে রাবি শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে নিয়োগে কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
৩৪তম বিসিএসের প্রিলিমিনারিতে কোটার ভিত্তিতে ফল প্রকাশের পর বুধবার ঢাকায় দিনভর একদল পরীক্ষার্থীর সড়ক অবরোধের পরদিনই আন্দোলনে নামল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা।
আন্দোলনের মুখে সরকারি কর্মকমিশন (পিএসসি) বুধবারই জানিয়েছে, তারা ৩৪তম বিসিএসের ফল পুনর্বিবেচনা করবে।
তবে আন্দোলনকারীরা ওই ফলের সঙ্গে কোটা পদ্ধতি বাতিলের দাবি তুলেছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেয় হাজার খানেক শিক্ষার্থী।
সড়কের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে তাদের অবস্থানের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
বিশ্ববিদ্যালযের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নিরব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “স্বাধীন দেশ হিসেবে মুক্তিযোদ্ধাদের অজুহাতে মেধাবীদের বঞ্চিত করা কখনো সুখকর কিছু বয়ে আনতে পারে না।”
কোটা বাতিল না হলে শিক্ষার্থীরা রাস্তায় থাকবে বলে জানান তিনি।
কোটার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোটা পদ্ধতি সংস্কারের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।
গত সোমবার ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। কোটার ভিত্তিতে এই ফল দেয়ায় বেশি নম্বর পেয়েও অনেকে বাদ পড়েন বলে পরীক্ষার্থীদের অভিযোগ।
