আগের ৫ গুণ হারে কমছে ফসলি জমি
আবাসন, নগরায়ন ও শিল্পাঞ্চল ক্রমশ বাড়তে থাকায় গত এক দশকে আগের তুলনায় পাঁচ গুণ হারে ফসলি জমি কমছে, যাকে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জাতিসংঘের সহায়তায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান (এসআরডিআই) পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে, গত এক দশকে প্রতি বছর দেশে ফসলি জমির পরিমাণ ৬৮ হাজার ৭০০ হেক্টর করে কমছে, যা মোট ফসলি জমির শূন্য দশমিক ৭৩৮ শতাংশ।
অথচ তার আগের তিন দশকে প্রতি বছর ফসলি জমি কমেছে মাত্র ১৩ হাজার ৪১২ হেক্টর।
একইসঙ্গে প্রতি বছর আবাসন খাতে ৩০ হাজার ৮০৯ হেক্টর, নগর ও শিল্পাঞ্চলে ৪ হাজার ১২ হেক্টর এবং মাছ চাষে ৩ হাজার ২১৬ হেক্টর জমি যুক্ত হচ্ছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), ইউরোপীয় ইউনিয়ন ও ইউএসএইডের অর্থায়নে এবং ন্যাশনাল ফুড পলিসি ক্যাপাসিটি স্ট্রেংদেনিং প্রোগ্রামের (এনএফপিসিএসপি) আওতায় গবেষণাটি পরিচালিত হয়।
এর নেতৃত্ব দেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হাসান।
তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯৭৬ সালে দেশে ফসলি জমির পরিমাণ ছিল ৯৭ লাখ ৬১ হাজার ৪৫০ হেক্টর। ২০০০ সাল পর্যন্ত ৩ লাখ ২১ হাজার ৯০৯ হেক্টর কমে দাঁড়ায় ৯৪ লাখ ৩৯ হাজার ৫৪১ হেক্টরে।
কিন্তু এর মাত্র ১০ বছরে ২০১০ সালে ৬ লাখ ৮৭ হাজার ৬০৪ হেক্টর কমে মোট ফসলি জমির পরিমাণ দাঁড়িয়েছে ৮৭ লাখ ৫১ হাজার ৯৩৭ হেক্টরে।
১৯৭৬ থেকে ২০০০ সাল পর্যন্ত শূন্য দশমিক ১৩৭ শতাংশ হারে কমলেও ২০০০ থেকে ২০১০ সাল মেয়াদে ওই হারের পাঁচ গুণেরও বেশি শূন্য দশমিক ৭২৮ শতাংশ হারে কমেছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ন্যাশনাল রিসার্স গ্রান্ড অ্যাডমিনস্ট্রেটর নূর আহমেদ খোন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারই বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের গবেষণা হয়েছে। কৃষি জমির কমার কোনো গবেষণা না থাকায় এর আগে সঠিক তথ্য নিয়ে বিভ্রান্ত হতে হতো।
তিনি বলেন, “গবেষণায় ফসলি জমি কমার যে তথ্য বেরিয়ে এসেছে তা উদ্বেগজনক। অধিক ফলনশীল জাতের ফসল উদ্ভাবন না হলে এরই মধ্যে ফসলি জমি কমার প্রভাব পড়তো খাদ্য নিরাপত্তায়। তারপরেও ফসলি জমি কমে আসার এই হার খাদ্য নিরাপত্তার জন্য হুমকি।”
গবেষক দলের প্রধান নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশে এখন ৬ এর বেশি জিডিপি অর্জিত হচ্ছে। এ অবস্থায় দেশে নগরায়ন ও শিল্পাঞ্চল দিনে দিনে বাড়বেই।
“কিন্তু আমরা যদি নগরায়ন ও শিল্পাঞ্চলের সঙ্গে সঙ্গে কৃষি জমির একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি, তাহলে ফসলি জমি কমার হার অনেকাংশে কমে আসবে।”
কৃষিজ জমি
গবেষণায় কৃষিজ জমি বলতে ফসলি জমি, বন, নদী, লেক, বিল ও হাওর, চা বাগান ও লবণাক্ত এলাকাকে ধরা হয়েছে।
গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৭৬ সালে কৃষিজ জমির মোট পরিমাণ ছিল ১ কোটি ৩৩ লাখ ৩ হাজার ৬৫৪ হেক্টর, যা দেশের মোট আয়তনের ৯১ দশমিক ৮৩ ভাগ।
২৪ বছরের মাথায় ২০০০ সালে কৃষিজ জমির পরিমাণ দাঁড়ায় ১ কোটি ২৭ লাখ ৪২ হাজার ২৭৪ হেক্টর এবং ৩৪ বছরে অর্থাৎ ২০১০ সালে এই কৃষিজ জমির পরিমাণ দাঁড়ায় ১ কোটি ২১ লাখ ৭৬ হাজার ৯০৪ হেক্টর।
গবেষকদের হিসেবে, এই এক দশকে কৃষিজ জমির পরিমাণ শূন্য দশমিক ৪১৬ শতাংশ হারে কমেছে।
১৯৭৬ সালে দেশে মোট সমতল বনাঞ্চলের পরিমাণ ছিল ১৭ লাখ ৫৪ হাজার ৯১৭ হেক্টর, যা দেশের মোট আয়তনের ১২ দশমিক ১১ ভাগ। কিন্তু ৩৪ বছর পর ২০১০ সালে তা দাঁড়ায় ১৪ লাখ ৩৪ হাজার ১৩৬ হেক্টর, যা মোট আয়তনের ৯ দশমিক ৮৪ ভাগ।
১৯৭৬ থেকে ২০০০ সাল পর্যন্ত সমতল বন কমে এক দশমিক ০৫৪ শতাংশ। কিন্তু গত এক দশকে অর্থ্যাৎ ২০০০ থেকে ২০১০ সাল মেয়াদে তা বছরে শূন্য দশমিক ০৯৩৮ শতাংশ হারে বেড়েছে।
সামাজিক বনায়নের প্রভাবে সমতল বনের পরিমাণ বেড়েছে বলে গবেষণা প্রতিবেদনে বলা হয়।
১৯৭৬ সালে দেশের মোট আয়তনের তিন দশমিক ১২ ভাগ জুড়ে ছিল সুন্দরবন। কিন্তু সুন্দরবনও ২০০০-২০১০ সাল মেয়াদে বছরে শূন্য দশমিক ০৩২ শতাংশ হারে হারিয়ে যাচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে।
গবেষণা অনুযায়ী, ১৯৭৬ সালে সুন্দরবন ছিল ৪ লাখ ৫২ হাজার ৪৪৪ হেক্টর, ২০০০ সালে তা বেড়ে ৪ লাখ ৮৬ হাজার ৭৬১ হেক্টর হলেও ২০১০ সালে সুন্দরবনের আয়তন কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৪১ হাজার ৪৫৫ হেক্টর।
দেশের কৃষিজ জমির ক্ষেত্রে নদীর আয়তন কিছুটা বেড়েছে বলেও গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। ১৯৭৬ সালে নয় লাখ ১১ হাজার ৮১৯ হেক্টর নদী অঞ্চল ছিল, যা ২০০০ সালে কমে দাঁড়িয়েছিল আট লাখ ৮৮ হাজার ৪৪১ হেক্টরে।
তবে ৩৪ বছরেও লেক, হাওর ও বিলের আয়তনের তেমন কোনো পরিবর্তন হয়নি বলে গবেষণায় উঠে এসেছে।
স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে পুকুর-ডোবার পরিমাণ মাত্র ৫৮২ হেক্টর ছিল, যা দেশের মোট আয়তনের দশমিক ৯৯ ভাগ। ২০১০ সালে দেশের মোট আয়তনের ১ দশমিক ২১ ভাগ জুড়ে রয়েছে পুকুর। ২০০০ সালে তা বেড়ে এক লাখ ৪৩ হাজার ৫০৬ হেক্টরে পৌঁছালেও পরের দশকে তা বছরে দশমিক ০২২ শতাংশ হারে বেড়েছে।
ফলে ২০১০ সালে দেশে মাছ চাষের জমির পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৭৫ হাজার ৬৬৩ হেক্টরে।
তবে চা চাষের জমির পরিমাণ কমে যাচ্ছে বলে গবেষণা বলা হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, ১৯৭৬ সালে এক লাখ ১৯ হাজার ৮৪৭ হেক্টর জমিতে চা চাষ হতো এবং তা ২০০০ সাল পর্যন্ত বছরে দশমিক ০০৫ শতাংশ হারে বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩৮ হাজার ৫৩৩ হেক্টরে। কিন্তু পরবর্তী ১০ বছরে তা দশমিক ০২৯ শতাংশ হারে কমে দাঁড়িয়েছে ৯৬ হাজার ১৫২ হেক্টরে।
দেশে লবণাক্ত কৃষি জমির পরিমাণ ৩৪ বছরে তিনগুণের বেশি বেড়ে ২০১০ সালে ১১ হাজার ৭৮৯ হেক্টর থেকে ৩৬ হাজার ২২ হেক্টরে দাঁড়িয়েছে।গত ১০ বছরে দশমিক ০০৮ শতাংশ হারে বেড়ে তা দেশের মোট আয়তনের দশমিক ২৫ ভাগ হয়েছে।
অকৃষিজ জমি
গবেষণার তথ্য অনুযায়ী, ৩৪ বছরে দেশের অকৃষি জমির পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে ৮ দশমিক ১৭ ভাগ থেকে ১৬ দশমিক ৪৭ ভাগে দাঁড়িয়েছে।
১৯৭৬ সালে দেশে মোট ১১ লাখ ৮৩ হাজার ৬০৫ হেক্টর অকৃষি জমি ছিল, যা ২০০০ সালে ১৭ লাখ ৮৮ হাজার ৩০৭ হেক্টরে পরিণত হয়।
পরবর্তী ১০ বছরে গড়ে দশমিক ৪১৬ শতাংশ হারে বেড়ে ২০১০ সালে ২৪ লাখ ৮৬৭ হেক্টর হয়েছে।
অকৃষিজ জমির মধ্যে গ্রামীণ আবাসন, শহুরে ও বাণিজ্যিক এলাকা এবং চাষ অযোগ্য পতিত জমিকে ধরা হয়েছে। এর মধ্যে গ্রামীণ আবাসনেই সবচেয়ে বেশি জমি গেছে।
গ্রামীণ আবাসনে গত দশকে বছরে শূন্য দশমিক ২০৮ শতাংশ হারে বেড়ে ১৭ লাখ ৬৬ হাজার ১২৩ হেক্টর হয়েছে, যা ২০০০ সালে ১৪ লাখ ৫৮ হাজার ৩১ হেক্টর এবং ১৯৭৬ সালে ৮ লাখ ৮৫ হাজার ৬৩৭ হেক্টর ছিল।
বর্তমানে গ্রামীণ আবাসন খাত দেশের মোট আয়তনের ১২ দশমিক ১২ ভাগ দখল করে রয়েছে।
২০০০ থেকে ২০১০ সালে ১০ বছরে দেশে উল্লেখযোগ্যভাবে নগরায়ন ও শিল্পাঞ্চল গড়ে উঠেছে বলে গবেষণায় বলা হয়েছে।
১৯৭৬ সালে দেশে নগর ও শিল্পাঞ্চল ছিল মাত্র ২৬ হাজার ৭৯৯ হেক্টরজুড়ে। ২০০০ সাল পর্যন্ত ২৪ বছরে মাত্র দশমিক ০০৬ শতাংশ বেড়ে তা দাঁড়ায় ৪৭ হাজার ৪৯৫ হেক্টরে।
কিন্তু ২০০০ পরবর্তী সময়ে বছরে গড়ে ৪০১২ হেক্টর কৃষি জমিকে দখল করেছে নগর ও শিল্প এলাকা। তার কারণে ২০১০ সাল পরযন্ত ৮৭ হাজার ৬১৬ হেক্টর জমি নগর ও শিল্পে চলে যায়।
গবেষকরা দ্রুত বাড়তে থাকা নগর হিসেবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের পরে রংপুর বিভাগকে উল্লেখ করেছেন।
তাদের মতে, প্রতিবছর গড়ে ঢাকা বিভাগে ১৯ হাজার ৯৫৯ হেক্টর, চট্টগ্রাম বিভাগে ৭৫৬ হেক্টর, সিলেট বিভাগে ৫৩৩ হেক্টর ও রংপুর বিভাগে ১১৫ হেক্টর কৃষি জমি নগর ও শিল্পাঞ্চলে যুক্ত হচ্ছে।
গবেষণা মতে, নদীর বুকে ও বঙ্গোপসাগর সংলগ্ন জেলাগুলোতে নতুন নতুন চর জেগে ওঠার কারণে ২০১০ সাল পর্যন্ত দেশের মোট চাষ অযোগ্য পতিত জমির পরিমাণ ৫ লাখ ৪৭ হাজার ১২৮ হেক্টর, যা দেশের মোট আয়তনের ৩ দশমিক ৭৫ ভাগ।
১৯৭৬ সালে দেশে ২ লাখ ৭১ হাজার ১৬৯ হেক্টর চাষ অযোগ্য পতিত জমি ছিল, যা দেশের মোট আয়তনের এক দশমিক ৮ ভাগ।
২০০০ সাল পর্যন্ত বছরে দশমিক ১৮ শতাংশ হারে বেড়ে তা দাঁড়ায় ২ লাখ ৮২ হাজার ৭৮১ হেক্টরে।
কিন্তু ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত দেশে চাষ অযোগ্য পতিত জমির পরিমাণ বেড়েছে বলে গবেষণায় বলা হয়েছে।
গবেষণা অনুযায়ী, এই দশ বছরে দেশে বছরে নয় দশমিক ৩৪৮ শতাংশ হারে চাষ অযোগ্য পতিত জমির পরিমাণ বেড়েছে।
গবেষক দলের সদস্য শাহাদত হোসাইন জানান, গবেষণায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরি ৪২টি ডিজিটাল ও স্যাটেলাইট ম্যাপ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বার্ষিক কৃষি পরিসংখ্যান বুক, সয়েল সার্ভে প্রতিবেদন ও জিওগ্রাফিক ইনফরমেশন সিষ্টেম সফটওয়ার ব্যবহার করা হয়েছে।
টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট করা এ বিজ্ঞানী বলেন, গবেষণায় যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা বিশ্বের গুটি কয়েক দেশে রয়েছে ।
নূর আহমেদ বলেন, গবেষকরা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত দলের নিয়মিত পর্যবেক্ষণে ছিলেন। কাজের অবস্থা ও অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিং করতেন।
“কাজেই তাদের গবেষণার মানে কোনো দুর্বলতা থাকার সুযোগ নেই।”
