আইনজীবীকে পিস্তল দেখিয়ে হুমকি ওএসডি সচিবের
জমির ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার শুনানির সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক ওএসডি অতিরিক্ত সচিব আইনজীবীকে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসকের (ভূমি) কার্যালয়ে এ ঘটনা ঘটে, যেখানে উপস্থিত ছিলেন কয়েকজন বিচারপ্রার্থীও।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি, এলএ) মো. ইফতেখার হোসেনের সামনেই আইনজীবী সৈয়দ আহমেদ মোস্তফাকে পিস্তল দেখিয়ে হুমকি দেন ওএসডি অতিরিক্ত সচিব আবুল মোসাদ্দেক আজাদ। এ সময় তাকে গালিগালাজও করা হয়।
পরে আহমেদ মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সচিবের কর্মকাণ্ড দেখে এডিসি সাহেব পুলিশ ডাকতে গেলে অভিযুক্তরা লোকজন নিয়ে চলে যায়।”
মোহাম্মদপুরের কাটাসূর মৌজার ১৭ শতাংশ পরিমাণের সরকারের অধিগ্রহণ করা একটি জমির জন্য এর মালিক ৪৪/২ বসিলার মাইনুল ইসলাম ১৩ লাখ টাকার ক্ষতিপূরণ আবেদন করেন।
অন্যদিকে জমিটির মালিক হিসাবে নিজেকে দাবি করে জনৈক কামাল উদ্দিন আব্বাসী এ মামলায় পক্ষভুক্ত হন। অভিযুক্ত অতিরিক্ত সচিব শুনানির সময় তার পক্ষেই উপস্থিত ছিলেন।
আইনজীবী আহমেদ মোস্তফা জানান, জমির মালিক হিসাবে হাইকোর্ট তার মোয়াক্কেল মাইনুল ইসলামের পক্ষে রায় দিয়েছে। মালিকানা সংক্রান্ত কাগজ সিএস, এসএ, আরএস এবং জমির দলিল তার মোয়াক্কেলের মালিকানাকে প্রতিষ্ঠিত করেছে । আর আব্বাসীর শুধু একটি কাগজ রয়েছে, যা হাইকোর্ট আমলে নেয়নি।
তিনি জানান আগামী ২৫ জুলাই বিষয়টির ওপর আবারো শুনানির জন্য দিন রাখা হয়েছে।
এদিকে পিস্তল দেখিয়ে হুমকি দেয়ার ঘটনায় বৃহস্পতিবার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানিয়েছেন আহমেদ মোস্তফা।
