বাংলাদেশে কাজ শুরু করলো ‘সাপি’
বেসামরিককরণ, গণতন্ত্রায়ন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশে কাজ শুরু করেছে সাউথ এশিয়া অ্যালায়েন্স ফর পোভার্টি ইরেডিকেশন (সাপি) নামে একটি সংগঠন।
বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরে এই উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সাপি এবং বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম।
‘সাপি’ বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলংকার সমমনা নাগরিক সমাজ, বিভিন্ন গণ-অধিকারভিত্তিক সংগঠন, শিক্ষাবিদ, ট্রেড ইউনিয়ন ও অন্যান্য সংগঠকদের একটি নেটওয়ার্ক।
যৌথ সংবাদ সম্মেলনে ফোরামের আহ্বায়ক আবুল হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান।
তিনি বলেন, “বেসামরিকরণকে দক্ষিণ এশীয় দেশগুলোর রাজনৈতিক গণতন্ত্রের উন্নয়নের পূর্বশর্ত। নাগরিকের নিরাপত্তা নিশ্চিতকরণ বেশিরভাগ ক্ষেত্রেই সংকীর্ণ সামরিকায়নের লক্ষ্যেই ব্যবহৃত হয় এবং এজন্য দেশগুলোর সামরিক বাজেট দিন দিন বেড়ে যাচ্ছে।”
দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামরিক ব্যয় কমিয়ে শিক্ষা-স্বাস্থ্যসহ দারিদ্র্য বিমোচনে বাজেট বৃদ্ধির দাবিতে আগামী অগাস্টের শেষ সপ্তাহ থেকে সাপি গণস্বাক্ষর কর্মূচি শুরু করা হবে বলে জানান আবুল হোসেন।
সাপি’র কেন্দ্রীয় নেতা ওয়াজেদুল ইসলাম জানান, সার্কভুক্ত দেশগুলোকে ডেমোক্রেসি চার্টারে স্বাক্ষর করতে বাধ্য করা, দক্ষিণ এশীয় বিচার ট্রাইবুনাল প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ দূরীকরণে কাজ করা, প্রতিবছর ১০ শতাংশ হারে সামরিক ব্যায় হ্রাস এবং অস্ত্র ক্রয়ের মাত্রা হ্রাসে সরকারকে সংবেদনশীল করা, প্রতিবছর সামাজিক উন্নয়ন খাতে ব্যায় বাড়াতে সরকারকে উৎসাহিত করাই সাপি’র অন্যতম উদ্দেশ্য।
