২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানের শিক্ষা সব স্তরে পৌঁছে দেয়ার আহ্বান

রমজানের তাৎপর্য অনুধাবন করে এর প্রতিফলন ঘটাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

বিশ্ব সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, এ মাস মহান আল্লাহর নৈকট্যলাভ, রহমত, শান্তি এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয়। সিয়াম ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। রমজানের শিক্ষা সমাজের সকল স্তরে প্রতিফলিত হোক- এই প্রার্থনা করি।

বৃহস্পতিবার থেকে রোজা রাখা শুরু করবেন বাংলাদেশের মুসলমানরা।

প্রধানমন্ত্রী তার বাণীতে পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও পারস্পরিক সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।

তিনি বলেন, “আসুন, আমরা সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।”

রমজার উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ লালসাসহ সব ধরনের পাপকাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।