টাঙ্গাইলে বাসচাপায় কলেজছাত্রী নিহত, সড়ক অবরোধ
টাঙ্গাইলের এলেঙ্গায় বাসচাপায় টেম্পুআরোহী এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অন্তত ছয়জন।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোনিয়া আক্তার এলেঙ্গা শামসুল হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
ঘটনার পর পরই এলাকাবাসী ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
কালিহাতী থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, কলেজের ছাত্রীদের নিয়ে টেম্পুটি রাজাবাড়ি এলাকায় আসলে শ্যামলী পরিবহনের একটি বাস টেম্পুটিকে চাপা দেয়।
ওসি জানান, দুর্ঘটনার পরই এলাকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে। এ সময় সড়কের উভয়পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বিকেল ৫টার দিকে পুলিশের পক্ষ থেকে চালককে আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হলে লোকজন অবরোধ তুলে নেয় বলে জানান ওসি।
